পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শামীম মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতের দিকে বরিশালের রূপাতলী হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম মৃধা মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল আজিজ মৃধার ছেলে।
পুলিশ জানায়, বরিশাল ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথভাবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ বিশেষ অভিযানে তার আত্মগোপনস্থল থেকে আওয়ামী লীগ নেতা শামীম মৃধাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শামীম মৃধা ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের ভয়াং বাজারে দোকানপাট ভাঙচুর ও এক প্রবাসীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। ওই ঘটনায় মো. নশা মিয়া (৩৯) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মির্জাগঞ্জ থানার ওসি মো. আবদুল ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি ও বরিশাল কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



