ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আলতাফ চৌধুরীর সমর্থনে মির্জাগঞ্জে উঠান বৈঠক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে মির্জাগঞ্জের কাঠালতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাঠালতলীতে আলতাফ চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী বেগম সুরাইয়া চৌধুরী।

সার্বজনীন দুর্গা মন্দিরের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কালাচান সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. সাইফুল আলম রনজু, ১ নম্বর মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ শীল, পূজা উদযাপন ফোরাম কমিটির সভাপতি বাবুল কর্মকার কালু এবং মতুয়া সম্প্রদায়ের সভাপতি বঙ্কিমচন্দ্র হালদার। 

মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী ওমর ফারুক শাওনের সার্বিক আয়োজনে ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তারা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

​প্রধান অতিথির বক্তব্যে বেগম সুরাইয়া চৌধুরী বলেন, আলতাফ হোসেন চৌধুরী সবসময়ই অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। তিনি যখন মন্ত্রী ছিলেন, তখন পটুয়াখালীর আকরা বাড়ির মন্দির, জয়কালী মন্দির ও জগৎধাত্রী মন্দিরের সংস্কারের জন্য তৎকালীন সময়ে আট লাখ টাকা করে সরকারি অনুদান প্রদান করেছিলেন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও ব্যাপক সহায়তা করেছিলেন। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে আলতাফ হোসেন চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বৈঠকে এলাকার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।