পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিককে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদখালী বন্দর বাজার মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাবুল মল্লিক উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজাহার আলী মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মো. ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত বাবুল মল্লিকের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর মামলা রয়েছে। তিনি ২০২৩ সালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত এবং ২০২৪ সালের দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলার অন্যতম সন্দেহভাজন আসামি।
মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট- ফেজ-২-এর আওতায় দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন