বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে ঘিরে পটুয়াখালীর বাউফল উপজেলায় সৃষ্টি হয় জনসমুদ্র।
জনসভা শুরুর আগেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাউফল পাবলিক মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেক নেতাকর্মী ও সমর্থক শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এতে পুরো বাউফল শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
জনসভায় অংশ নেওয়া জামায়াতের কর্মীরা জানান, বাউফলে প্রথমবারের মতো জামায়াত আমিরের আগমন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বাউফল উপজেলা জামায়াতের কর্মী শাহ আলম সিদ্দিকী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই। এই জনসভা প্রমাণ করেছে, বাউফলের মানুষ জামায়াতের আদর্শে বিশ্বাস করে।
এ ছাড়া একাধিক কর্মী জানান, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশা থেকেই তারা এই জনসভায় অংশ নিয়েছেন।


