ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ, নারীসহ আহত ২৫

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:২৭ পিএম
হামলায় আহত চন্দ্রদ্বিপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের স্ত্রী সাহেদা বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর নির্বাচনি মিছিলে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, দুপুরের দিকে প্রথমে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এর প্রতিবাদে জামায়াতে ইসলামী বাউফল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে আবার দুই পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত  হন। তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় মিছিল বের করে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় একটি সংঘর্ষ হয়।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ধানের শীষের কর্মী দেলোয়ার হোসেন বলেন, ‘ভান্ডারিয়া বাজারে তারা ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় জামায়াতের কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় তিনি নিজে এবং তাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন।’

এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদারকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমানকে ফোন দেওয়া হলে তিনিও রিসিভ করেননি।

তবে এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদার।