পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর জনসভায় যোগ দিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. কাওসার (৫০) নামে এক তৃণমূল নেতার মৃত্যু হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কাওসার মির্জাগঞ্জ উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাবুয়া এলাকার মৃত আকরাম আলী হাওলাদারের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে আসেন কাওসার। সমাবেশ চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাঁকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাওসার দলের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। জনসভায় অংশ নিতে এসেই তার এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
কাওসারের মৃত্যুতে এলাকায় ও দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সাহাবুদ্দিন নান্নু বলেন, কাওসার আমাদের একজন সক্রিয় ও নিষ্ঠাবান কর্মী ছিলেন। তার মৃত্যুতে দল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন