পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত একটি দোকানঘর উচ্ছেদ করেছে কুয়াকাটা পৌর বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর ৪৮ নম্বর পোল্ডারের সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করেন।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। অভিযানে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এমন পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত ও দৃঢ় ব্যবস্থা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, সরকারি সম্পত্তি দখলের বিষয়ে দলীয় পরিচয় কোনো বিবেচ্য বিষয় নয়। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে অভিযুক্ত মন্নান হাওলাদারের ভাই জসিম অভিযোগ করে বলেন, সরকারি জায়গায় আরও অনেক স্থাপনা রয়েছে। সেগুলো না ভেঙে শুধু তাদের স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান হলে সব অবৈধ স্থাপনার ক্ষেত্রেই তা করা উচিত।
কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম বলেন, পাউবোর জমি দখল করে কোনো স্থাপনা নির্মাণ আইনত অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন