ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভারসাম্যহীন বিধবার বসতঘর পুড়ে ছাই 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:০৫ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় শেফালী বেগম (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার ঘরে আগুন লেগে  পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। 

বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম হাওলাদার জানান, রাতে তারাবির নামাজ চলাকালীন হঠাৎ বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন বিধবা শেফালী বেগমের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। 

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয় প্রাথমিকভাবে ধারণা করছেন। 

এ ব্যাপারে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার সুবোধ চন্দ্র মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিধবা মহিলার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।