পটুয়াখালীর দশমিনায় ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহামুদ (২৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মানিক মিয়া চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের নেতৃত্বে হামলাটি চালানো হয়।
আহত হাসান মাহামুদকে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার চরবোরহান ইউনিয়নে বিএনপি জোট-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে আগে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে দশমিনা হাই স্কুল রোড এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেন এবং তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপির কর্মী, ইউপি সদস্য ছিদ্দিক মিয়া এবং ছাত্রদল-যুবদলের কিছু নেতাকর্মী উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান মাহামুদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মিলন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মিলন মিয়া জানান, গ্রেপ্তার হওয়া রাকিবুল ইসলামের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্টসহ একাধিক মামলা ছিল। তাকে গ্রেপ্তারের পরপরই সংশ্লিষ্টরা ক্ষিপ্ত হয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে তিনি দাবি করেন।
জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি কালাম পঞ্চায়েত বলেন, ‘নির্বাচনি সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিল রাকিবুল ইসলাম। তাকে গ্রেপ্তারের জেরে এ হামলার ঘটনা ঘটে।’
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া দশমিনা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পর এলাকায় কিছু উত্তেজনার কথা শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।’
এদিকে দশমিনা থানার ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
-20260220123543.webp)

