পটুয়াখালীর দুমকি উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সুমন জোমাদ্দার (৩০) ও ফিরোজ খান (৪১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পৃথক অভিযান চালানো হয়। লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামে নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সুমন জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবাসহ ফিরোজ খানকে আটক করা হয়।
এ ঘটনায় দুমকি থানার উপপরিদর্শক (এসআই) শাহীন পারভেজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার দুই ব্যক্তি এলাকায় আগে থেকেই মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন