ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেরির পন্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:৩০ পিএম
মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদি ফেরিঘাট এলাকায় পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ জহিরুল ইসলাম টুটুলের (৫৭) মরদেহ ৩১ ঘণ্টা পর উদ্ধার করেছে থানাপুলিশ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

থানাপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চরগরবদি ফেরিঘাটের মাঝ নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুমকি থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনের একটি বলগেটের সহায়তায় মরদেহটি ঠেলে বগা প্রান্তে এনে উদ্ধার করে।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চরগরবদি ফেরিঘাটে নোঙর করা একটি ফেরির পন্টুনে অবস্থানকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জহিরুল ইসলাম টুটুল নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে দুমকি থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকাল থেকে দিনভর উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি। পরে বৃহস্পতিবার ভোরে মাঝ নদীতে তার মরদেহ ভেসে ওঠে।