ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আবদুর রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্না বেগম।

অপর আসামি রোজিনা বেগমকে বেকসুর খালাস দেন আদালত। এ মামলার অন্যান্য আসামি আবদুর রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু আকন গুরুতর আহত হন। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজন আবদুল জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, সেশন মামলা নং ৭/২০২০ এ আদালত আজ ছয় জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মামলাটি জমিজমা ও সুপারি পারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল।