ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ দলীয় জোট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আকলিমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
নোটিশে উল্লেখ করা হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৫-এর (১) অনুযায়ী সরকারি ডাকবাংলো, রেস্টহাউস বা কোনো সরকারি কার্যালয়ে নির্বাচনি প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এনসিপি প্রার্থী শামীম হামিদী ও তার দলীয় সমর্থক আজ বিকেল ৫টা ১০ মিনিটে মঠবাড়িয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাচনি প্রচার কার্যক্রম চালিয়েছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ১০ দলীয় জোট আওতাধীন এনসিপি মনোনীত প্রার্থী ড. শামীম হামিদী বলেন, পথসভার নির্দিষ্ট কোনো স্থান না থাকার কারণে তাড়াহুড়ো করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করতে বাধ্য হয়েছি। নিয়মতান্ত্রিক সার্বিক সমস্যাগুলো লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর পেশ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন