ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মঠবাড়িয়ায় ভোট কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:১২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার পথে ভোটকেন্দ্র সীমানার মধ্যে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

নিহত মো. বাদশা বেপারী (৬৫) দাউদখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হারজি নল বুনিয়া গ্রামের মৃত মকবুল হোসেন বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি কেএম ইউসুফ আলী স্কুল ভোট কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনার কারণে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।