পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী পালকি পরিবহনের একটি বাস এবং চরমোনাইয়ের মাহফিল থেকে ফেরত আসা ‘মোল্লা ট্রাভেলস’ নামের আরেকটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
মোল্লা ট্রাভেলসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলছিল, যার ফলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় উভয় বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।


