ঝালকাঠি সদর থানার পুলিশ পিরোজপুরের জিয়ানগরে সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকা থেকে জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন উদ্ধার করে।
জানা গেছে, ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরে ২ মার্চ ঝালকাঠি থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়।
এ ঘটনায় ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে ৫ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি চুরির মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরাই মাল পরিবহনের ট্রাক শনাক্ত করেন এবং ট্রাকচালককে আটক করেন।
পরে ট্রাকচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে চোরাই বিটুমিন উদ্ধার করা হয়। মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার জানান, উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৩৩ ব্যারেলের কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ২৫ ব্যারেল তার বিটুমিনের সঙ্গে কে বা কারা রেখেছে তা তিনি জানেন না।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ থেকে একজনকে শনাক্ত করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন উদ্ধার করা হয়েছে। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

-20260405092539.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন