ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:২১ এএম
মঙ্গলবার মধ্যরাত থেকেই কুয়াশার প্রভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ছবি : রূপালী বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকেই কুয়াশার প্রভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোরের দিকে কুয়াশা আরও তীব্র আকার ধারণ করলে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ‘নৌ-দুর্ঘটনা এড়ানোর স্বার্থে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।’

তিনি আরও জানান, দৌলতদিয়া প্রান্তে বর্তমানে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।