ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি- সংগৃহীত

রাজবাড়ীতে ট্রেনের ছাদে থাকা এক যুবক ব্রিজে ধাক্কা লেগে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি লোকাল (শাটল) ট্রেন নির্ধারিত সময়ে কালিকাপুর রেল ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় ট্রেনটির ছাদের ওপর কয়েকজন যাত্রী অবস্থান করছিলেন। তাদের মধ্যেই ওই যুবক ছিলেন। ট্রেনটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ছাদে থাকা ওই যুবক অসাবধানতাবশত ব্রিজের কাঠামোর সঙ্গে জোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন এবং ট্রেনের ছাদের ওপরই পড়ে থাকেন।

দুর্ঘটনার পরও ট্রেনটি তার গন্তব্যের দিকে চলতে থাকে। পরে দুপুর ২টা ৩৮ মিনিটে ট্রেনটি কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে ছাদের ওপর পড়ে থাকা যুবকের নিথর দেহ দেখতে পান স্টেশনের কর্মচারী ও যাত্রীরা। বিষয়টি সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামিয়ে স্টেশনে রাখা হয়।

এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায় ১২ মিনিট ট্রেনটি স্টেশনে বিলম্বিত হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

কালুখালী জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

রেলওয়ের নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে যাত্রীদের আরও সচেতন হওয়া জরুরি।