রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনায় ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে গঠিত এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।
তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের চিহ্নিতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


