ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুকুরে বিষ, কৃষকের ৩০০ হাঁসের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:০০ পিএম
মাছের জন্য দেওয়া বিষে মরল ৩০০ হাঁস। ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি জলাশয়ে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় তিন শতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি শামসু মোল্লা জানান, ঋণ নিয়ে গড়ে তোলা তার হাঁসের খামারের পাশেই একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন স্থানীয় মান্নান ওরফে ঠান্ডু। অভিযোগ রয়েছে, রোববার রাতে ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরা হয়।

তিনি বলেন, সকালে প্রায় ৮টার দিকে হাঁসগুলো খামার থেকে ছেড়ে দিলে সেগুলো পাশের জলাশয়ে গিয়ে বিষাক্ত মাছ ও পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তার খামারের প্রায় ৩০০ ‘ক্যাম্বেল’ জাতের হাঁস মারা যায়।

শামসু মোল্লার অভিযোগ, পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি আগে জানালে আমি হাঁস ছাড়তাম না। পরিকল্পিতভাবে আমার হাঁসগুলোকে মেরে ফেলা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পুকুরের ব্যবস্থাপক ছাত্তার বলেন, আমরা মাছ ধরার জন্য পুকুরে অক্সিজেন ও গ্যাস ট্যাবলেট ব্যবহার করেছি। এতে হাঁস মারা যাওয়ার কথা নয়। হাঁসগুলো কীভাবে মারা গেছে, তা আমাদের জানা নেই।

পুকুরের মালিক মান্নানও একই বক্তব্য দিয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।