সংরক্ষিত নারী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। ওই তালিকার ৫ নম্বরে রয়েছে অ্যাডভোকেট আরলীর নাম।
অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা নেত্রী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বড় বোন লিলির বড় মেয়ে। তার পিতা আফসার উদ্দিন আহম্মেদ। তাদের গ্রামের বাড়ি মহাম্মদপুর উপজেলায়।
রাজনীতিতে আরলীর অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগতভাবে তিনি হাইকোর্টের একজন আইনজীবী।
দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বদরুন্নেছা সরকারি কলেজের সাবেক ভিপি।
দলের পক্ষ থেকে অভিজ্ঞ ও পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দিয়ে মনোনয়ন দেওয়ার ধারাবাহিকতায় অ্যাডভোকেট আরলীর এই মনোনয়নকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
-20260420194355.webp)

