রাজশাহীর পুঠিয়ায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ৪ জন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পুঠিয়ার ঝলমলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি বাজারের ভেতরে প্রবেশ করার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রমে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছেন।
পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বলেন, সকালে ঝলমলিয়া বাজারের কলা হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলা হাটের মধ্যে উল্টে যায়। নিহত ৪ জনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় এলাকায় কলার হাটে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন