রাজশাহীর পুঠিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুঠিয়া উপজেলা হলরুমে আয়োজিত সভার শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, পুঠিয়া উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে প্রশাসনের সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



