রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনের বেলায় বাড়ির সামনে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তার বাবার নাম শাহিন ইসলাম। তাঁদের বাড়ি রাজশাহী নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জাসন মাদকাসক্ত। এক সপ্তাহ ধরে এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। খুনের ঘটনার পর জাসন পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নেওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। জমি কেনার বিষয়টি নিয়ে শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসন। মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরে পালিয়ে যান। এতে সাব্বিরের মৃত্যু হয়।
শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।’



