রাজশাহীর তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্য হুমকিতে ফেলে রাতের আঁধারে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামে প্রায় ৩ বিঘা আয়তনের একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মৌজার ২৮২ নম্বর খতিয়ানের ১৭১৯ দাগভুক্ত এই পুকুরটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের ব্যবহারে ছিল। ময়েনপুর মহল্লার বাসিন্দা ঝাটু শেখের ছেলে সেন্টু শেখসহ কয়েকজন মিলে পুকুরটি ভরাট করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, সেন্টুর এক ভাই পুলিশের উপপরিদর্শক হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা এ কাজ করছেন। পুকুর ভরাটে বাধা দিলে গ্রামবাসীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত ২৮ এপ্রিল তাজিমুল ইসলাম বাদী হয়ে সেন্টুসহ তিনজনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগের পরও পুকুর ভরাট কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীরা রাজশাহী জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ক্রয় ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে তাজিমুলের পরিবার দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে পুকুরটি ভোগদখল করে আসছিল।
কিন্তু গত ১০ এপ্রিল থেকে বিবাদীরা বেআইনিভাবে ও জোরপূর্বক বাইরে থেকে মাটি এনে পুকুরটি ভরাট করছেন। বাধা দিতে গেলে সেন্টুর লোকজন হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়াতে পুকুরটি একসঙ্গে ভরাট না করে কয়েক দিন পরপর রাতের আঁধারে মাটি ফেলা হচ্ছে।
গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে ট্রাক্টরে করে মাটি এনে পুকুরে ফেলা হচ্ছে। এতে এলাকার পাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ দূষণ বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের একজনের ভাই পুলিশে কর্মরত থাকায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।


