ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙামাটিতে পোস্টাল ভোট বিষয়ে অবহিতকরণ সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৩৭ পিএম
রাঙামাটির রাজস্থলীতে পোস্টাল ভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটির রাজস্থলীতে পোস্টাল ভোট প্রদান সংক্রান্ত একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজ নিজ কর্মস্থলের বাইরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য Postal Vote BD App-এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে ভোট প্রদানের বিষয়টি সভায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

সভায় রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া প্রজেক্টরের মাধ্যমে দেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান এবং Postal Vote BD App ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পদ্ধতি নিয়ে একটি তথ্যবহুল ভিডিও উপস্থাপন করেন। 

এরপর উপস্থিত সকল দপ্তর প্রধানদের সহায়তায় অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। একই সঙ্গে তাদের অধীনস্থ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়।

সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, ‘Postal Vote BD App–এর মাধ্যমে রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর।’ 

সময় অল্প থাকায় সবাইকে নিজ উদ্যোগে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রেজিস্ট্রেশনের সময় ব্যালট পাঠানোর ঠিকানা সঠিক ও নির্ভুলভাবে উল্লেখ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সেলিনা আক্তার।

অবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে পোস্টাল ভোট ব্যবস্থাপনা সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।