রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই, চন্দ্রঘোনা থানার অধীনে ডেভিল হান্ট ফেইজ অভিযানে নেজামুদ্দিন প্রকাশ নেজাম (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানার খন্দাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নেজামুদ্দিন প্রকাশ রাইখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। গ্রেপ্তারকৃত নেজামুদ্দিন শেখর আহমেদের ছেলে।
তথ্য সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নি.) খুরশিক আলম, এসআই (নি.) মো. আক্তার, এসআই (নি.) নাহিদ আহমেদ সবুজসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে চন্দ্রঘোনা থানার খন্দাকাটা এলাকা থেকে নেজামুদ্দিন প্রকাশ নেজামকে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রঘোনা থানা পুলিশ জানিয়েছে, ডেভিল হান্ট ফেইজ অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ বলেন, ‘ডেভিল হান্ট ফেইজ অভিযানের আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন