ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙামাটিতে ধানের শীষ প্রার্থীর শো-ডাউনে নারী-পুরুষের ঢল

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সর্বশেষ নির্বাচনি শো-ডাউনে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ পাহাড়ি-বাঙালির অসংখ্য নারী-পুরুষের ঢল নেমেছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে হতে এ শো-ডাউন বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বর গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলা, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, দলীয় কার্যালয়ের সামনে সমবেত জনসভায় ভোটারদের উদ্দেশে আসনটির দলীয় প্রার্থী দীপেন দেওয়ান রাঙামাটির সম্প্রীতি, উন্নয়ন, অগ্রগতি ও পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, উন্নয়নশীল ও সম্প্রীতির রাঙামাটি গঠনে বিএনপির কোনো বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ তৈরি করে দিতে হবে।

এ ছাড়া এ দিন বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. জসিম উদ্দিনের হাতপাখা প্রতীকের পক্ষে একটি নির্বাচনি শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হওয়া পথসভায় বক্তব্য দেন দলটির প্রার্থী।