সরকারি দপ্তরগুলোতে মাস্টার রোল ও দৈনিক মজুরিভিত্তিক চাকরিজীবীদের রাজস্বকরণের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত। কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবু দীপক চাকমা।
এ সময় বক্তারা বলেন, সারা দেশের মতো রাঙামাটিতে ও সব সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানে কর্মরত মাস্টার রোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত ও আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা এবং নিজ নিজ প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণ বা আত্মীয়করণ বন্ধে আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি।
বক্তারা আরও বলেন, আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, দপ্তর, পরিদপ্তর, মাঠ পর্যায়ে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টার রোল হিসেবে বিভিন্ন শূন্য পদে নিয়োজিত কর্মচারীগণ দীর্ঘ বছরের অধিক আমাদের ওপর অর্পিত দায়িত্ব অদ্যাবধি দক্ষতা ও সুনামের সহিত পালন করে আসছি। ২০০৩ সালের কাজ নাই, মজুরি নাই পরিপত্রে আমাদের সব মৌলিক অধিকার সংরক্ষণ ছিল। কিন্তু পরবর্তীতে বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০০৩ সালের পরিপত্র বাতিল করে আমাদের সাংবিধানিক অধিকার এবং শ্রম আইনের সুরক্ষা থেকে বঞ্চিত করে রাখেন।
এ সময় বক্তব্য রাখেন, প্রিয় রঞ্জন চাকমা, মো. আব্দুল মালেক, মো. ওসমান গনি ও সোনা রতন চাকমাসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে কর্মচারীরা তাদের দাবিগুলো তুলে ধরে জেলা প্রশাসক নাজমা আশরাফীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন