ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রংপুরে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুর ব্যুরো
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:১৬ পিএম
সড়কে নিভল ২ প্রাণ। ছবি : সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের সংঘর্ষে দুজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক হেলপারসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজীপুর এলাকায় খারুভাজ ব্রিজের পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। বিআরটিসি ট্রাকের চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) সঙ্গে রংপুর থেকে সৈয়দপুরমুখী বিআরটিসি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮) সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিআরটিসি চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ায় বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।