সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাদকের টাকা না দেওয়ায় আপন খালাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মঞ্জুয়ারা খাতুন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আব্দুল লতিফের কন্যা। এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ।
ঘটনাটি ঘটে গত ৪ জানুয়ারি রাত ২টা ৩০ মিনিটে। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা মঞ্জুয়ারা খাতুন ৫ জানুয়ারি বিকেলে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন।
ঘটনার রাতে আল আমিন তার আপন খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে টাকা দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাদের মারধর করেন এবং কোদাল দিয়ে কুপিয়ে মঞ্জুয়ারা খাতুন ও আমজাদ হোসেনকে গুরুতর আহত করেন।
চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরে মঞ্জুয়ারা খাতুনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক দিন পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আমজাদ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই এলাকাবাসী অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন