মাদকাসক্ত পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার আমানুল্লাহপুর গ্রামে।
ভুক্তভোগী পিতা মনিরুজ্জামান জানান, তার পুত্র মেহেদী হাসান সবুজ (২৪) নেশার টাকার জন্য বিভিন্ন সময় তাকে ও তার মাকে মারধর করতেন।
এ ছাড়া সংসারের বিভিন্ন জিনিসপত্র চুরি করতেন এবং মাদকের টাকার জন্য অশান্তি সৃষ্টি ও ঘরের মালামাল ভাঙচুর করতেন।
তিনি আরও জানান, ছেলেকে বহুবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। দিন দিন অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে গত ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরার নোটারি পাবলিকের কার্যালয়ের মাধ্যমে পুত্র মেহেদী হাসান সবুজকে পৈতৃক ও ক্রয়কৃত স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করে ত্যাজ্য ঘোষণা করেন।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


