সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ওই সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে যাত্রা করবে।
তথ্যের ভিত্তিতে সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান দাকোপ থানাধীন শিবসা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাত দয়াল বাহিনীর সদস্য আব্দুল হালিমকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের সাথে আটক করা হয়।
পরবর্তীতে, আটককৃতের তথ্যের ভিত্তিতে দুপুর ১টায় দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরেই দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


