ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:২১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী তামান্না খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। সে চাঁদপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তামান্না সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর বাজারের কাছে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল।

এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় তামান্না।

সাতক্ষীরা সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।