ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুখ ও মাথা থেঁতলে নারীকে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:০২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিথীকা সাধু (৫০) বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি স্থানীয়ভাবে একজন মুদি দোকানি ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, বিথীকা সাধুর বউবাজারে একটি মুদি দোকান রয়েছে। বেচাকেনা শেষে তিনি প্রতিদিন রাত ১০টার দিকে বাড়িতে ফিরতেন।

কিন্তু ওই দিন বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশ থেকে প্রায় একশ গজ দূরে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

পরিবারের সদস্যরা আরও জানান, এলাকায় মাদকসেবীদের উৎপাত রয়েছে। বিথীকা সাধুর গলায় স্বর্ণের চেন ও কানে দুল ছিল, যা পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের সময় মাদকসেবীরা তাকে চিনে ফেলায় হত্যা করেছে। ভারী বস্তু দিয়ে তার মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে সাতক্ষীরা থানা পুলিশের একটি দল উপস্থিত রয়েছে। অপরাধী শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।