সাতক্ষীরা সদর উপজেলায় নিখোঁজের তিনদিন পর আব্দুর রহমান (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কুলপোতা এলাকার একটি মৎস্য ঘের থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান কুলপোতা এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এর আগে গত বুধবার (৮ জুলাই) সকাল থেকে সে নিখোঁজ ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের বয়স যখন ৫ বছর, তখন তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তার মা অন্যত্র বিয়ে করলে খালা শেফালি খাতুনের কাছেই বড় হচ্ছিল সে। গত বুধবার সকালে খালা শেফালি খাতুন তার স্বামীকে নিয়ে সাতক্ষীরা শহরে ডাক্তার দেখাতে যান। বাড়ি ফিরে এসে তারা আব্দুর রহমানকে আর খুঁজে পাননি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে বাড়ির পাশে একটি মাছের ঘেরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

