সাতক্ষীরার তালায় পাখিমারা টিআরএম বিলের ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ফসলের বকেয়া প্রায় ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা টিআরএম বালিয়া বটতলায় ‘পাখিমারা টিআরএম বিল অধিবাসী ও বিল কমিটি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিল কমিটির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ সানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, স্থানীয় বাসিন্দা আছাদুর ইসলাম, আবু সাইদ লাভলু, মনোরঞ্জন দাস, ইউনুচ সরদার, রইজুল সানা, খোকন সানা ও ছবেদ সরদারসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কপোতাক্ষ নদ থেকে বালিয়া বেইলি ব্রিজ পর্যন্ত পেরিফেরিয়াল বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় নদীর পানি অনিয়ন্ত্রিতভাবে লোকালয়ে প্রবেশ করছে। ফলে বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। দ্রুত এই বাঁধ সংস্কার করা না হলে জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে, যা স্থানীয় কৃষি উৎপাদন ও জনজীবনে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।
বক্তারা আরও জানান, পাখিমারা বিলে টানা ছয় বছর টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম চললেও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাত্র দুই বছরের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বাকি চার বছরের পাওনা প্রায় ৪৮ কোটি টাকা এখনো বকেয়া রয়েছে, যা সরকারিভাবে অনুমোদিত বরাদ্দ।
মানববন্ধন থেকে অবিলম্বে এই বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ, জীর্ণ পেরিফেরিয়াল বাঁধ দ্রুত সংস্কার এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন