ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি- সংগৃহীত

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে বালুজুরী রেঞ্জের নেপালীর ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী ওরফে বাটালু রানী শিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।

নিহত আহমেদ আলী বাটালুর স্বজনরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাটালু ঘাস কাটার উদ্দেশে নেপালীর ভিটা এলাকায় গেলে হঠাৎ সেখানে একটি বন্য হাতির দল তাকে আক্রমণ করে এবং বুক থেঁতলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানার উপপরিদর্শক আনাছ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল সম্পন্ন করেন।

এ বিষয়ে বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ‘আমরা আহমেদ আলী ওরফে বাটালুর মৃত্যুর খবর পেয়েছি। বন্য আইন অনুযায়ী তার পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।