ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:০০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আপিল শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেয়।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা দেখিয়ে মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তার পক্ষে প্রদত্ত যুক্তি ও কাগজপত্র গ্রহণ করে কমিশন মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা দেয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ায় ফাহিম চৌধুরী বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কমিশনের এই সিদ্ধান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার আর কোনো বাধা নেই।’