ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেরপুরে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:৪৭ এএম
চোরাই জব্দ পণ্য। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা এবং পার্শ্ববর্তী হালুয়াঘাট সীমান্ত দিয়ে চোরাই পথে পাচারকালে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাতে পৃথক অভিযানে এসব চোরাই পণ্য জব্দ করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা।

রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও ও ঝিনাইগাতী উপজেলার হাতির টং এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারসি শাড়ি এবং কম্বল জব্দ করেন টহলরত বিজিবি সদস্যরা।

একই রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এলাকা এবং হালুয়াঘাট উপজেলার তেলিখালী এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় ১৩টি গরু জব্দ করা হয়।

এ ছাড়া ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া ও শ্রীবরদী উপজেলার চুকচুকি এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাই পণ্যের মূল্য প্রায় অর্ধকোটি টাকা।