ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের নকলায় ডোবার পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বোরহানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৯ মার্চ) পৌরসভার মমিনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বোরহান ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ডোবার পানি সেচে দেশীয় প্রজাতির মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান বোরহান উদ্দিন। এ সময় মোটরের বৈদ্যুতিক তার পানির সংস্পর্শে এসে ডোবার পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে বোরহান সেই পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালিহা নুঝাত তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিনের মৃত্যু ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।