ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:১১ পিএম
ছবি- সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ঝিনাইগাতী–শেরপুর আঞ্চলিক সড়কের পাশে ৩টি সরকারি গাছ অবৈধভাবে কাটার খবর পেয়ে তাৎক্ষণিক ঝিনাইগাতী ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. আশরাফুল আলম রাসেলের নির্দেশে মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।

সরেজমিনে দেখা যায়, কয়েকজন শ্রমিক গাছগুলোর মধ্যে দুটি গাছ কেটে ফেলেছেন আর বাকি একটি গাছ কাটার কাজ চলমান ছিল। গাছগুলোর মালিকানা দাবি করেন হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরল আমিনের ছেলে তমাল। গাছগুলোর মধ্যে ২টি রেইনট্রি ও ১টি মেহগনি গাছ ছিল। তার দাবি, জায়গা সরকারি হলেও গাছগুলো তার বাবার লাগানো। এ ব্যাপারে তারা নাকি বন বিভাগের সাথে কথাও বলেছেন।

কিন্তু এ ব্যাপারে ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আ. করিমের সাথে কথা বললে তিনি বিষয়টি অবগত নন বলে জানান। আর এটা তার এখতিয়ারে নেই বলেও জানান তিনি।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘সরকারি জায়গায় গাছ কাটার কোনো নিয়ম নেই। আমি গাছ কাটা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’