সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দাম্পত্য কলহ ও পারিবারিক নির্যাতনের অভিযোগে নুসরাত খাতুন (১৩) নামের এক কিশোরী বধূ আত্মহত্যা করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে নুসরাত খাতুনের বিয়ে হয় সিরাজগঞ্জ রোড এলাকার পাঁচিলা গ্রামের এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলতে থাকে।
অভিযোগ রয়েছে, স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন নুসরাত। একপর্যায়ে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
ছাড়াছাড়ির পর গত দুই মাস ধরে নুসরাত বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সংসার ভেঙে যাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, এ অবস্থায় অভিমান ও মানসিক যন্ত্রণায় রোববার দিবাগত রাতে নিজ ঘরের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন নুসরাত।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন