সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেলুন ফুলাতে গিয়ে গলার মধ্যে ঢুকে যাওয়ায় ইউসুব নামের (৫) এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়নের খোর্দ শিমলা গ্রামে।
ইউসুব এই গ্রামের আফালউদ্দিনের ছেলে। ঘটনার সময় শিশুটি চিপ্স খাচ্ছিল বলে জানা গেছে।
আফালউদ্দিন জানান, রাত ৮টার দিকে চিপ্স খাচ্ছিল তার ছেলে ইউসুব। এক পর্যায়ে তার কাছে থাকা একটি ছোট আকারের বেলুন ফোলাচ্ছিল সে। হঠাৎ করে বেলুনটি তার গলার মধ্যে ঢুকে যায়। দম বন্ধ হয়ে যায় তার। তাকে হাসপাতালে নেবার পথে সে মারা যায়।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। তবে এ ব্যাপারে শিশুটির বাবার কোন অভিযোগ নেই।


