সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য চাঁদ মিয়া সরকার (৭০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হন। জানা যায়, নিহত চাঁদ মিয়া সরকার উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনি অটোরিকশায় করে পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা লোহার পাইপ বোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সাথে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ক্লিনিকে ভর্তি করেন।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

