সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীর তীরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এশার আলী প্রামানিক (৩৮) নামের এক নৌকার মাঝিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী নারী উপজেলার শ্রীফলতলা গ্রামের এক ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের জননী।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল তাকে শাহজাদপুর আমলি আদালতে পাঠানো হবে।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বাসিন্দা (২৪) পার্শ্ববর্তী করতোয়া নদীতে গরুর জন্য পানি আনতে যান। এ সময় ওই ঘাটের ডিঙ্গি নৌকার মাঝি মৃত মমতাজ প্রামাণিকের ছেলে এশার আলী তাকে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে ভুক্তভোগী নারী শাহজাদপুর থানায় অভিযোগ দিলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত এশার আলী প্রামানিককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ধর্ষণের শিকার গৃহবধূ বলেন, ‘ভোর ৬টা ২০ মিনিটের দিকে গরুর জন্য পানি আনতে করতোয়া নদীতে যাই, সেখান থেকে ফেরার পথেই অভিযুক্ত হঠাৎ করেই পিছন থেকে আমার গলায় ছুরি ধরে এবং আমাকে ঘাসের জমির মধ্যে ফেলে ধর্ষণ করে।’


