সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের রাশিদুল ইসলামের ছেলে রাহাত হোসেন (২৬), রফিকুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া, মৃত মোকসেদ আলীর ছেলে আল আমিন (৩৫) ও হাসেম আলী (৩০)। আহতদের মধ্যে আল আমিন ও হাসেম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে কুসুম্বী গ্রামের নায়েব আলী ও রিপন মিয়ার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন