সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাতে তাড়াশ পৌরশহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সময় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি পথসভায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই দিন নির্বাচনি পথসভায় অংশ নিতে গেলে আব্দুল মান্নান তালুকদারের ওপর হামলা চালানো হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা তাকে নিরাপদে সরিয়ে নেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি জনসভায় হামলার মামলায় বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

