সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ (মিলন)। দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনি এলাকায় প্রার্থী পরিবর্তন ও মিজানুর রহমান চৌধুরীকে বিএনপির প্রার্থী করার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান চৌধুরী। পোস্টে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি ও তার কর্মী-সমর্থকরা নানা ধরনের ক্ষতির মুখে পড়েন। তবুও যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে তিনি ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসীর পাশে ছিলেন এবং দলের জন্য নিরন্তর কাজ করে গেছেন।
মিজানুর রহমান চৌধুরী তার পোস্টে আরও লেখেন, মনোনয়নবঞ্চিত হওয়ার পর ছাতক-দোয়ারাবাজার উপজেলার অগণিত মানুষের নীরব কষ্ট, হতাশা ও বেদনা তিনি অনুভব করেছেন। নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে সাহস ও সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন। জনগণের সেই নিঃস্বার্থ ভালোবাসা ও আবদার উপেক্ষা করতে না পেরেই স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন