ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন মোটরসাইকেলে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন দুই বন্ধু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি- সংগৃহীত

ঈদের ছুটিতে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের আরেক সঙ্গী। রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়।

নিহতরা হলেন, উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুর্তাখাই গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩০) ও সাইদুল ইসলাম (৩০)। আহত গুলজার আহমদ (২৯) বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে শফিকুল ইসলাম একটি নতুন মোটরসাইকেল কেনেন। রোববার তিনি ওই মোটরসাইকেলে করে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তাহিরপুর উপজেলার পর্যটন এলাকা শিমুল বাগানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিন আরোহীই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত সাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপর দুজনের মধ্যে একজনকে সিলেটে পাঠানো হয়েছে এবং অন্যজন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।